যুক্তরাজ্যে বেকারত্বের হার বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে দেশটিতে বেকারত্ব বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
মঙ্গলবার (১১ জুন) যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এই তথ্য প্রকাশ করেছে। তথ্য বলছে, এ সময়ের মধ্যে আগের তিন মাসের তুলনায় বেকারত্বের হার ০.২ শতাংশ পয়েন্ট বেড়েছে।
পরিসংখ্যানে বলা হয়, পূর্বাভাসের তুলনায় এপ্রিলের বেকারত্বের হার বেশি ছিল। এই সময়ের শেষে যুক্তরাজ্যে বেকার মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৬ লাখে।
তবে বেকারত্ব বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের হারেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ওই সময়ের মধ্যে কর্মসংস্থান বেড়েছে ০.১ শতাংশ পয়েন্ট, ফলে মোট কর্মসংস্থানের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ১ শতাংশ। অর্থাৎ বর্তমানে দেশটিতে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষ কোনো না কোনোভাবে কর্মজীবী হিসেবে যুক্ত রয়েছেন।
বিশ্লেষকেরা বলছেন, অর্থনৈতিক চাপ, সুদের হার বৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে যুক্তরাজ্যের শ্রমবাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করছেন অর্থনীতিবিদরা।