ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার সংসদ ভেঙে দেওয়ার বিরোধীদের উদ্যোগ মোকাবিলা করে টিকে গেছে। বুধবার (১১ জুন) ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এ অনুষ্ঠিত প্রাথমিক ভোটে সরকারবিরোধী বিলটি প্রত্যাখ্যাত হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ১২০ সদস্যের নেসেটে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন ৬১ জন আইনপ্রণেতা, আর পক্ষে ছিলেন ৫৩ জন। ফলে বিলটি পাস না হওয়ায় বর্তমান সরকার আপাতত সংকট থেকে মুক্ত থাকলো।
জোট সরকারে থাকা ধর্মভিত্তিক কয়েকটি দল চায়, অতি-গোঁড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হোক। তবে নেসেটের অনেক সদস্য এই ছাড় বাতিলের পক্ষেই অবস্থান নিয়েছেন।
ইসরায়েলে বহুদিন ধরেই অতি-গোঁড়া ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে সামরিক বাহিনীতে বাড়তি জনবলের প্রয়োজন দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে সেনাবাহিনীতে অতি-গোঁড়া ধর্মীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি আরও জোরালো হয়েছে।
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সরকারের ভিতরেই মতপার্থক্য তীব্র আকার ধারণ করে। নেতানিয়াহু সমঝোতার চেষ্টা চালালেও, কার্যকর সমাধান না আসায় বিরোধীরা সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব তোলেন। তবে ভোটাভুটিতে সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় আপাতত নেতানিয়াহুর নেতৃত্বে সরকার টিকে থাকলো।
তবে বিশ্লেষকদের মতে, অতি-গোঁড়া ইহুদিদের সামরিক দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়টি ইসরায়েলি রাজনীতিতে আগামীদিনেও উত্তেজনার কারণ হয়ে থাকতে পারে।