ডিজিটাল অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা অধিকারভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন ভয়েস, দেশের অন্যতম পুরাতন জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাকের সঙ্গে যৌথভাবে ঢাকার হোটেল লা ভিঞ্চিতে একটি মতবিনিময় সভার আয়োজন করে।
সভার মূল প্রতিপাদ্য ছিল ডিজিটাল ও নাগরিক পরিসরকে সুরক্ষিত রাখা এবং নারীদের লক্ষ্য করে ছড়ানো ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা।
এই উদ্যোগ ‘Collaborative Actions for Promoting Digital and Civic Space and Combating Gender Disinformation’ প্রকল্পের অংশ, যা ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিকেল ১৯-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এবং দৈনিক ইত্তেফাক প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।
সভাটি উদ্বোধন করেন ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ। তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের চর্চা টিকিয়ে রাখতে নাগরিক ও ডিজিটাল পরিসরের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। যৌথ প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব।”
ভয়েস-এর উপপরিচালক মুশাররাত মাহেরা জানান, ইতোমধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার, সাংস্কৃতিক অভিব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলার বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও, একটি জাতীয় কৌশলপত্র প্রণয়নে পরামর্শমূলক সভা, গবেষণা ও গণসচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
দৈনিক ইত্তেফাকের ডিজিটাল বিভাগের প্রধান শরাফত হোসেন জানান, বিভ্রান্তিমূলক তথ্য, বিশেষত নারীদের লক্ষ্য করে ছড়ানো তথ্য কীভাবে গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করছে, তা গণমাধ্যমে নিয়মিতভাবে বিশ্লেষণ ও প্রচারিত হচ্ছে।
এছাড়া একটি ওয়েব পোর্টাল চালুর পরিকল্পনাও আলোচনায় উঠে আসে, যা প্রকল্পের তথ্যভাণ্ডার, রিসোর্স, এবং জন-সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।