বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আরেক সহযোগী মো. খোরশেদ আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৭ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
এর আগে, গত ১৫ মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিল সিআইডি।
বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, সিআইডির তদন্তে উঠে আসে, খোরশেদ আলম ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর হামলার বিষয়টি তিনি স্বীকার করেছেন। সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত খোরশেদ আলম এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।