দেশে আষাঢ় মাস অর্থাৎ বর্ষাকালের আগমন হলেও বৃষ্টির দেখা মিলেনি রাজধানীতে। টানা কদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। অবশেষে আজ দুপুরে স্বস্তির বৃষ্টিতে ভিজলো নগরবাসীর। এর আগে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও এখন ভারী বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়।
আগামী কয়েকদিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে রাজধানীর মতিঝিল, শান্তিনগর, ফকিরাপুর, পল্টন, মগবাজার, মালিবাগ, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, কোতোয়ালি, ওয়ারী, জিগাতলা, শাহবাগ, কাটাবন, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকা, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও প্রভৃতি এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হতে পারে আরও দু–এক দিন। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।