১৮ ঘণ্টা পেরোলেও খোঁজ মেলেনি ঝরনা দেখতে যাওয়া  মেহরাবের

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফাত্রাঝিরি ঝরনায় বেড়াতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া হাফেজ মেহরাব হোসাইন (১৮) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝরনায়।

নিখোঁজ মেহরাব কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাব তার ১৮ জন বন্ধু-বান্ধবসহ ফাত্রাঝিরি ঝরনায় ঘুরতে যান। ঝরনা দেখে ফেরার সময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ি ঢল নামে। খালের পানি হঠাৎ করে বেড়ে গেলে পার হওয়ার সময় বাঁশের তৈরি কঞ্চি ভেঙে যায় এবং মেহরাব পানির তোড়ে তলিয়ে যান। মুহূর্তেই তিনি স্রোতে ভেসে যান এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।”