বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন

বিগ ব্যাশের আগের মৌসুমে হোবার্টে হারিকেন্সে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ। তবে এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি। আসন্ন মৌসুমের জন্য এবারও রিশাদকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। 

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েও খেলা হয়নি রিশাদের। বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে সেবার এনওসি পাননি তিনি।

সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রিশাদের দল হোবার্ট হারিকেন্স। যা রিশাদের জন্য ছিল আরও বেশি হতাশার। এবার যদি বিসিবি থেকে এনওসি পায়, তাহলে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন এই টাইগার লেগ স্পিনার। 

রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।