বন্যা কবলিত এলাকায় মুজিব কেল্লা ও আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, 'বন্যা কবলিত এলাকায় ৪তলা বিশিষ্ট আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা নির্মাণ করা হবে।' সোমবার বিকালে কালিতলা গ্রোয়েন বাঁধে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা নির্মাণ করা হবে। সেখানে মানুষ বন্যাকালীন সময়ে গবাদি পশু নিয়ে নিরাপদে বসবাস করতে পারে। দুর্যোগ সহনীয়  প্রকল্প হাতে নেওয়া হবে। যাতে মানুষ ইউরোপ-আমেরিকার মত পরিবেশে বসবাস করতে পারে। আমরা ১০দিন যাবত বন্যা কবলিত এলাকায় ঘুরে বেড়াচ্ছি। আপনাদেরকে সহমর্মিতা জানানোর জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, বন্যা দুর্গত মানুষ যেন না খেয়ে থাকে তার ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করার চেষ্টা করে যাচ্ছি।'

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, 'আগামী ২ মাসের মধ্যে সারিয়াকান্দি-সোনাতলা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করা হবে। যাতে আর বন্যাকালীন সময়ে বাঁধ হুমকির মুখে না পড়ে।'

আরও পড়ুন:  জিএম কাদের জাপার চেয়ারম্যান নন: রওশন

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আসনের  সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

ইত্তেফাক/জেডএইচডি