টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উদযাপনে যা করবে বিসিবি

টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্ণ করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছিল দলটি। এবার সেই রজতজয়ন্তী উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

কাকতালীয়ভাবে এই আয়োজনের আগে বিসিবির সভাপতির দায়িত্ব পেয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আগামী ২১ থেকে ২৮ জুন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে হবে আয়োজন। থাকবে অনূর্ধ্ব-১২ সিক্স এ সাইড প্রতিযোগিতা, পেসার ও স্পিনার হান্ট, প্যারেন্টাল কোচিং সেশন, ছবি আঁকা প্রতিযোগিতা, হিট দ্য স্টাম্প চ্যালেঞ্জ। 

এছাড়াও দর্শকরা ভিডিওর ওপর ধারাভাষ্যও দিতে পারবেন। রজতজয়ন্তী শুরু হবে ২১ জুন খুলনায়। এরপর রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, বরিশালেও হবে অনুষ্ঠান। তবে বাদ পড়েছে ময়মনসিংহ বিভাগ।