ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় বাস ও মাহিদ্রার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হন। এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির পাঁচ যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
অন্যদিকে, সন্ধ্যার কিছু আগে তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তবে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।