মানিকগঞ্জে কারখানার দেয়াল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক বন্ধ করে কারখানার সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ এনে প্রাচীরটি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ‘পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে’র সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে গ্রামের দেড় দুই হাজার নারী-পুরুষ  কারখানার দক্ষিণ পাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা এক হাজার মিটার উত্তরের মূল প্রাচীর ভাঙতে শুরু করে। এ সময় ভেতরে থাকা কয়েকটি গাছ কেটে ১৫ ফুট রাস্তা বের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল সেখানে যুক্ত হয়।

স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর ধরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উপজেলার গোলড়া এলাকাবাসীর চলাচলের জন্য ‘তারাসিমা এ্যাপারেলস্ লিমিটেডে’ ও ‘পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের’ মাঝামাঝি অংশে একটি রাস্তা ছিল। সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয় পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে। ফলে শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্থানীয়দের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায় এক কিলোমিটার রাস্তায় জন্য এলাকাবাসীকে ৬ কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হয়।

পিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিডেটের জিএম মাসুম হাওলাদার বলেন, সম্পূর্ণ জোরপূর্বক অন্যায়ভাবে আমাদের ফ্যাক্টরিতে প্রবেশ করে এলাকাবাসী বাউন্ডারি ওয়াল ভেঙেছে। ভেতরে থাকা জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেছে। বেশ কিছু গাছ কেটে ফেলেছে। বাউন্ডারি ওয়াল ভাঙায় ভেতরে থাকা মূল্যবান সম্পদ অরক্ষিত হয়ে গেছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,  এর আগে ২৯ জানুয়ারি রাস্তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে স্থানীয়রা। এরপর দফায় দফায় প্রশাসন, মালিক পক্ষ, স্থানীয়দের মধ্যে আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি।