ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদরেজা জাফরঘান্দি বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী দেশটির ছয়টি অ্যাম্বুলেন্স এবং তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে। এসব হামলায় দুজন স্বাস্থ্যকর্মী এবং এক শিশু নিহত হয়েছেন।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে আল–জাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল–জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে সোরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাঁচ।
এর আগে, ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। ঘরবাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান। এরপর তেহরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায়।
পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে।