জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে সাজেদুর রহমান ওমরের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক এমপি শাহজাহান খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) পাঁচদিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
এর আগে, যাত্রাবাড়ী থানায় করা সাযেদুর রহমানের হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
এদিন আনিসুল হক, শাজাহান খান, সালমান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে তদন্ত সংস্থা পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম মীর আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন।
এখন পর্যন্ত সালমান এফ রহমানের বিরুদ্ধে করা ১২ মামলায় ৬৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।