চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসে করোনা সংক্রমণ বাড়ার পর এ নিয়ে জেলায় মোট ছয় জনের মৃত্যু হলো।
সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মারা যাওয়া দুই ব্যক্তি নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মৃত্যু হয়েছে শনিবার বিকেলে।
সিভিল সার্জন বলেন, দুজনেরই নিউমোনিয়া ছিল এবং দীর্ঘদিন শয্যাশায়ী থাকায় বেডসোরে ভুগছিলেন।
নিহতদের একজন, কাজী আবদুল আউয়াল (৮০), নোয়াখালীর বাসিন্দা। অন্যজন, রাবেয়া খাতুন (৯৫), চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা।
গত তিন দিনেই করোনাভাইরাসে চট্টগ্রামে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সোমবারের প্রতিবেদন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ১২০টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের তিনজন চট্টগ্রাম নগরীর।
জুন মাসে এখন পর্যন্ত জেলায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৯ জন নগরীর এবং ৯ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণ ফের বাড়তে থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আবার কোভিড চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে।