রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মনোয়ারুল ইসলাম মাসুদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।
পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সোমবার (২৩ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। তিনি জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা।