রায়পুর বণিক সমিতির নির্বাচন ২৮ জুন

আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে রায়পুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৫। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা।

১৬টি পদে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এতে ভোট প্রদান করবেন ১৬২৫ জন লাইসেন্সধারী ভোটার। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম।

বণিক সমিতির সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দিতা করবেন। এরই মধ্যে বিভিন্ন পদের প্রার্থীরা রায়পুরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুনসহ প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে জয় লাভ করলে ব্যবসায়ীদের কল্যানে কি কি কাজ করবেন সেটি নিয়ে ইশতেহারও দিচ্ছেন। এর মধ্যে আনারস প্রতীকের সভাপতি পদপ্রার্থী ইব্রাহীম খান একটি সংবাদ সম্মেলনে তার ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি ব্যবসায়ীদের উন্নয়ন, নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে ১৩টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরেন। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বণিক সমিতির স্থায়ী কার্যালয় স্থাপন, ওয়েবসাইট চালু, ট্রেড লাইসেন্সসহ ব্যবসায়িদের আইনি সহায়তা, বাজারে নৈশ প্রহরী ও সিসি ক্যামেরা স্থাপন, টয়লেট স্থাপন, বাজারে যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয়, ব্যবসায়ীদের সন্তানের জন্য শিক্ষা সহায়তা ও শিক্ষাবৃত্তি, আনন্দ ভ্রমণের ব্যবস্থা করা, সেমিনার ও প্রশিক্ষণ।