ট্রাক চালক সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ

উত্তর ফটিকছড়ির হেয়াকো ট্রাক-পিকআপ চালক সমিতির নামে ফেনী-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ট্রাক চালক এবং স্থানীয় একজন বিএনপি নেতা এ প্রতিবেদককে জানান, হেয়াকো বাজারের পশ্চিম পাশে উক্ত সমিতির কার্যালয়ের সামনে রাতদিন উক্ত সমিতির লোকজন সড়কে চলাচলকারী মালবাহী ট্রাক, পিকআপ ইত্যাদি থেকে নিয়মিত চাঁদা আদায় করে চলেছে।

সমিতির বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে গত বছরখানেক আগে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.মোজাম্মেল হক চৌধুরী নিজে গিয়ে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন এবং অফিসটি সিলগালা করে দেন। তার পদক্ষেপের পর অনেকদিন এসব চাঁদাবাজি বন্ধ ছিল বলে স্থানীয়রা জানান। কিন্ত গত দুই আড়াই মাস থেকে তারা আবার পুরোদমে এ কাজ শুরু করে।

এ ব্যাপারে সমিতির সভাপতি মো. স্বপন মিয়ার কাছে জানতে চাইলে তিনি প্রতি গাড়ী থেকে ৫০টাকা করে নেবার কথা স্বীকার করেন এবং এই টাকা ট্রাক ড্রাইভারদের কল্যাণে ব্যয় করা হয় বলে জানান। 

অপরদিকে উক্ত সমিতির নিবন্ধন দাতা ফটিকছড়ি উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা মো. শহিদ ভুঁইয়া জানান, এধরনের চাঁদাবাজির বিষয়ে তিনি এখনো অবগত নন। এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান তিনি।