কক্সবাজারে হঠাৎ চালের দাম বৃদ্ধি ঠেকাতে মাঠে খাদ্য অধিদপ্তর টিম

কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ বেড়েছে চালের মূল্য। এতে ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। এ প্রেক্ষাপটে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে খাদ্য অধিদপ্তর। সোমবার (২৩ জুন) দুপুর হতে বিকাল পর্যন্ত কক্সবাজার বাজারঘাটার চাউল বাজারে খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়।

এ সময় চালের গুদাম ও পাইকারি দোকানে অভিযানকালে মূল্য তালিকা না টাঙানো এবং বিভিন্ন অসঙ্গতি নিয়ে ব্যবসায়ীদের সর্তক করা হয়। এদিকে, চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাউসার জানান, হঠাৎ চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারের কারসাজি রয়েছে। তারা সৃষ্টি করছে কৃত্রিম সংকট । আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দুপুর হতে বিকেল পর্যন্ত অব্যাহত ছিল অভিযানটি। এসময় অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।