কক্সবাজারের উখিয়ার নিদানিয়া নুরের ডেইল গহীন পাহাড়ে ডাকাতদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে উখিয়ার নিদানিয়া নুরের ডেইল গহীন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন প্রকাশ বাবুল উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া নুরের ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসহাক এর ছেলে। তাছাড়া গুলিবিদ্ধ অবস্থায় তার আপন ছোট ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি।
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য জাকের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি কক্সবাজারের ছিলাম। সেখান থেকে আসার পর শুনেছি ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ হন দুইজন। এরমধ্যে একজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।
জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, একজন নিহত হয়েছেন। বর্তমানে আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন, ডাকাতের গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।