দোহা-কুয়েত-শারজাহ-দুবাই রুটে ১১ ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত

মধ্যপ্রাচ্যের চারটি দেশ—কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকা থেকে এসব দেশের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ের ফ্লাইট চলাচলে। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১১টি ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, চলমান আন্তর্জাতিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত সতর্কতার কারণে সংশ্লিষ্ট চার দেশ তাদের আকাশপথে সীমিত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে ঢাকা থেকে নির্ধারিত গন্তব্যে কিছু ফ্লাইট সময়মতো পরিচালনা করা সম্ভব হয়নি।

বিলম্বিত ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—শারজাহগামী এয়ার এরাবিয়ার দুটি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট; দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্স ও ইউএস-বাংলার একটি করে ফ্লাইট; কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট; দোহাগামী কাতার এয়ারওয়েজের দুটি এবং ইউএস-বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি করে ফ্লাইট।

এই বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, 'ফ্লাইটের দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। তবে কিছু ফ্লাইট বিকল্প রুটে বা বিলম্বিত সময় অনুযায়ী যাত্রা শুরু করেছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইট তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্সের হটলাইন বা অফিসে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।'

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে সতর্কভাবে যাত্রার আগে ফ্লাইট অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্য যেমন সৌদি আরব, ওমান, জর্ডান ও লেবাননের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল এখনও স্বাভাবিক রয়েছে। তবে হঠাৎ করে আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতেও বিমান চলাচলে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।