পালমেইরাসের অবিশ্বাস্য কামব্যাক, দ্বিতীয় রাউন্ডে পিএসজির সামনে পড়লো মেসির মায়ামি

ম্যাচের সময় ৮০ মিনিট। তখনও দুই গোলে পিছিয়ে ছিলো ব্রাজিলের ক্লাব পালমেইরাস। এরপর ১০ মিনিটের ব্যবধানে ইন্টার মায়ামির জালে দুইবার বল জড়ায় তারা। এমন দুর্দান্ত কামব্যাকে ম্যাচ ড্র করে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি। 

দ্বিতীয় রাউন্ডে উঠেছে লিওনেল মেসির মায়ামিও। সেখানে তাদের প্রতিপক্ষ ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি। এতে করে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবেন মেসি। ২০২৩ সালে পিএসজি ছেড়েই মায়ামিতে যোগ দিয়েছিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

টেডো অ্যালেন্ডে এবং লুইস সুয়ারেসের গোলে মায়ামি টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের পথে ছিল। তাদের সেই আশা ধসিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব।পালমেইরাস শেষ ১০ মিনিটে পাওলিনহো এবং মাউরিসিওর দুই গোলে নকআউট পর্বে তাদের স্থান নিশ্চিত করে।

দ্বিতীয় রাউন্ডে চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজির মুখোমুখি হবে মায়ামি। অন্যদিকে পালমেইরাস নিজ দেশের ক্লাব বোটফোগোর বিপক্ষে লড়বে।