শান্ত’র চোট নিয়ে সবশেষ তথ্য জানালেন সিমন্স 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্টকে সামনে রেখে সোমবার (১৪ জুন) অনুশীলন করে টাইগাররা। অনুশীলনের সময় আঙুলে চোট পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত ঠিক আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

স্লিপে ক্যাচ প্রাকটিস করার সময় ডান হাতের আঙুলে চোট পান আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা শান্ত। কলোম্বো টেস্টে টাইগার অধিনায়ককে দেখা যাবে কিনা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই প্রশ্ন ওঠে। জবাবে টাইগার কোচ সিমন্স জানিয়েছেন, শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন টাইগার অধিনায়ক। 

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স।

এর আগে শ্রীলঙ্কা সফরের শুরুতেও একবার চোট পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন চলাকালে তিনি আঙুলে চোট পান। পরে সেই আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছিলেন শান্ত।

প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শান্ত। যাতে ভর করে লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে টাইগাররা। ফলে দ্বিতীয় টেস্ট হবে সিরিজ নির্ধারণী লড়াই।