রৌমারীতে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষকের বাড়িতে ডাকাতি

কুড়িগ্রামের রৌমারীতে শাহিন মিয়া নামের এক শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তাদের হাত-পা বেঁধে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। 

রোববার (২২ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াল গ্রাম নামক এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার বিকালে অজ্ঞাত ছয় সাত জনের নামে রৌমারী থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

শাহিন মিয়া বলেন, তার বাড়ির পেছন দিক দিয়ে টিনের বেড়া কেটে ছয়-সাতজন মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। এর পর বারান্দার গ্রিল, লোহার তালা ও রুমের দরজা ভেঙে ঘরের ভেতরে এসে ডাকাতরা প্রথমে অস্ত্র ঠেকিয়ে তার হাত পা ও চোখ বেঁধে ফেলে। পরে পরিবারের সদস্যদের রুমে ঢুকে তাদেরও হাত পা বেঁধে রাখে তারা। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১৩ লাখ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায় ডাকাতরা। প্রায় আধা ঘণ্টা ধরে চলে ডাকাতি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে এলাকায় নানা সমস্যা দেখা দিয়েছে ও দিন দিন বাড়ছে চুরি ডাকাতির প্রবণতা। দ্রুত ওই ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় অজ্ঞাত ছয় সাতজনের নামে মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।