মেহেরপুর—কুষ্টিয়া সড়কের বনবিভাগ কার্যালয় সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহতের খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেহেরপুর গাংনী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র মো. আকমল হোসেন (২০)। আগামী বৃহস্পতিবার তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।
মাহফুজ গহরপুর গ্রামের বাসিন্দা এবং আকমল শেখপাড়া গ্রামের মাবু মিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী মাহফুজুর রহমান অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন। অন্যদিকে আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুরের দিকে আসছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেল দুটি জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।