মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মেকানিক নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আম বোঝাই বিকল ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইব্রাহিম ইসলাম (২৩) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকারী শিমুল মিয়া আহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ইসলাম পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম মিয়ার ছেলে এবং আহত শিমুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার এলাকার শরিফুল ইসলাম ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে আমবোঝাই একটি মিনি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন সড়কে পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ট্রাকের বিকল অংশ খুলে বগুড়া থেকে ঠিক করে নিয়ে আসেন ট্রাকচালক। এরপর ট্রাকচালক স্থানীয় মেকানিক ইব্রাহিমকে ডেকে আনেন। সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে গিয়ার বক্স সেট করতে শুরু করেন ইব্রাহিম ও শিমুল।

এ সময় দিনাজপুরের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ওই ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মেকানিক ইব্রাহিম ও তার সহকারী শিমুল গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎস ইব্রাহিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।