পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঈশ্বরদী শহরে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা নেসকো’র তত্ত্বাবধানে উপজেলায় প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘আমরা কোনো ভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।’
তারা আরও জানান, ইতোমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক এলাকায় প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।
পথসভায় সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু এবং বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতি সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য মো. সজিব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।