এবার রংপুরে করোনা রোগী শনাক্ত

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামসহ বিভিন্ন জেলার পর এবার রংপুরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক)  হাসপাতালে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি রংপুর নগরীর বাসিন্দা।

রংপুরে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ লতিফুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার জ্বর নিয়ে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্টে করোনা শনাক্ত হয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

করোনা ইউনিটের ইনচার্জ লতিফুল ইসলাম বলেন, তিনি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। করোনা সন্দেহে চিকিৎসকরা তার নমুনা নিয়ে পরীক্ষা করেন। এতে ওই ব্যক্তি করোনা পজিটিভ হলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।বর্তমানে ওই রোগী ভালো আছেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ববর্তী গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৫৬ জনের। এতে করোনা পজিটিভ শনাক্ত হয় ৫১৮ জন। এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২ জনের।

চলতি বছর করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য চার শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।