কলম্বো টেস্টে দ্বিতীয় দিনটি হতাশার কেটেছিল বাংলাদেশের। সারা দিনে মাত্র দুই উইকেটের দেখা পেয়েছিল সফরকারীরা। অন্যদিকে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে দুর্দান্ত এক দিন কাঁটিয়েছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে বাংলাদেশের। প্রথম সেশনেই ৪ উইকেটের দেখা পেয়েছে টাইগাররা। তবুও ১৫৪ রানের লিড নিয়ে লাঞ্চে গেছে লঙ্কানরা।
পাথুম নিশাঙ্কা ১৪৬ ও প্রবাথ জয়সুরিয়া ৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই দেড়শো রানের কোটা পূরণ করেন নিশাঙ্কা। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই লঙ্কান ওপেনার। ১৫৮ রানে কাটা পড়েন তিনি।
নিশাঙ্কাকে আউট করে তৃতীয় দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নেয় টাইগাররা। ধনাঞ্জয়া ডি সিলভা ৭ ও জয়সুরিয়া ১০ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস মিলে রানের চাকা সচল রাখেন। বড় জুটি গড়ার চেষ্টা করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩৮৪ রানে ৪১ বলে ৩৩ রান করে আউট হন কামিন্দু।
এরপর ক্রিজে আসা সোনাল দিনুশাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কুশল। ১০৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলঙ্কা। দিনুশা ৮ ও কুশল ৪২ রানে অপরাজিত আছেন।