ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকার পৃথক তিন জায়গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রমনা থানাধীন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে, বিমানবন্দর রেলস্টেশন এলাকা ও কেরানীগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার বিকেলে রমনা থানাধীন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তাজুল ইসলাম নামের একজন। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন রাতে মারা যান তিনি। এ ঘটনায় ওই গাড়িচালক অহিদ এবং গাড়িটিকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

কেরানীগঞ্জের হাসনাবাদ রিভার ভিউ হাসপাতাল এলাকায় রাত পৌনে ১১টার দিকে দুর্ঘটনায় নিহত হয়েছেন চান মিয়া। তাঁর নাতি শাকিল বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমার নানা মোটরসাইকেল চালিয়ে একটি কাজের জন্য হাসনাবাদ গিয়েছিলেন। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে হাসনাবাদ রিভার ভিউ হাসপাতালের সামনের রাস্তায় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে গুরুতর আহত তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, আমার নানা আর বেঁচে নেই।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘রাতে গুরুতর আহত অবস্থায় কেরানীগঞ্জ থেকে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

বিমানবন্দর রেলস্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় নিহত হন মো. জুয়েল। তাঁর স্বজন মো. হাসান বলেন, ‘সোহেল স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। রাতে  বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন জুয়েল। আমরা খবর পেয়ে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত পৌনে ১২টার দিকে জুয়েলকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।