সিরাজগঞ্জে উপজেলা আওয়ামী লীগ অফিসের পিওন গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পিওন সুবাস চন্দ্র দাসকে (৫০) গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) সুবাসের নিজ বাড়ি উপজেলার বুরুঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সুবাস দীর্ঘদিন ধরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পিওন হিসেবে কর্মরত ছিলেন।

কাজিপুর থানার সেকেন্ড অফিসার এস আই মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুবাসকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।  ২০২৪ সালের ২৫ আগস্ট কাজিপুর থানায় দায়ের করা নাশকতায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, ওই মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহার নামীয় আসামি দুজন।