বাগেরহাটে নিখোঁজের ৩ দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের তিনদিন পর জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের পানগুছি নদী সংলগ্ন বারইখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাকির খান জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম মরদেহটি শনাক্ত করেছেন।

নাসিমা বেগম বলেন, আমার স্বামী মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি প্রায় আমাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত বুধবারও বাড়ি থেকে বের হয়ে যায়। আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বুঝতে পারছি না।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে তার স্ত্রী পরিচয় নিশ্চিত করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।