বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং শিক্ষার্থীদের একদল নবীন মুখ। অনুষ্ঠানে শতাধিক নতুন সদস্য বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হন।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তারা দলটির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন।
জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এহসানুল হুদা।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সৈয়দ এহসানুল হুদা বলেন, 'নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান আমাদের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।'
তিনি বলেন, 'বাংলাদেশ কখনোই আর কারও সেবাদাস হবে না। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'
নবাগতদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আপনারা এখন জনগণের সেবক। রাজনীতি হবে জনগণের জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য। বাংলাদেশ জাতীয় দল সেই পথেই অঙ্গীকারবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।'
তিনি জানান, দলের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন যোগদানকারীদের ভবিষ্যতে কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হবে।