চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বেলা তিনটার দিকে একই এলাকার চানমারি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপারেশন থিয়েটারে রাখা একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে হঠাৎ ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে বাইরে বেরিয়ে আসেন। পরে বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয় লোকজন। পরে বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভেনি। আগুন বড় নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়া দেখা মাত্র রোগীদের অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয়। কেউ গুরুতর আহত হয়নি। এটি একটি দুর্ঘটনা বলে তারা দাবি করেছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লেগেছে। এখনও কাজ চলছে, বিস্তারিত পরে জানা যাবে।