ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমর নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলীর বিরুদ্ধে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাজারের হাটসেডসহ নদীর তীরবর্তী একাধিক পরিবারের বসতবাড়ি।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে থানাঘাট বাজার সংলগ্ন এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে বালু তুলে তা বিক্রি করছেন। ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং আশপাশের বসতঘর ও স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

থানাঘাট বাজার এলাকার বাসিন্দা রেজিয়া বেগম ও মলিদা বেগম বলেন, 'বালু উত্তোলনের কারণে আমাদের ঘরের পাশের মাটি সরে যাচ্ছে। নিষেধ করার পরও কেউ কর্ণপাত করছে না। তারা প্রভাবশালী, তাই স্থানীয় চেয়ারম্যানও কিছু বলছে না।'

তবে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর জানান, 'বিষয়টি আমার জানা নেই।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউসুফ আলী বলেন, 'নদের দু’তীরের জমি আমাদের। আমাদের নিজস্ব জমি থেকে বালু তুলে বিক্রি করছি।'

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, 'অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'