‘বর্তমানের এই পরিবেশীয় বিপর্যয়ের অন্তঃমূলে রয়েছে পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে আমাদের সাধারণ মানুষের অবজ্ঞা ও খেয়ালিপনা। এখন পরিবেশের বিপর্যয় রুখে দেওয়ার পরিবর্তে আমরা নগরায়ন ও শিল্পায়নের মাধ্যমে বিপর্যয়ের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে চলেছি। পরিবেশের মূল্যবান সম্পদের যথার্থ ব্যবহার নিয়েও আমাদের জ্ঞান সীমিত। আর সর্বোপরি আইনের যথার্থ প্রয়োগের অভাবেই দেশে বেড়ে চলেছে বিভিন্ন প্রকার পরিবেশদূষণ, যা বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ।’ এমনটাই বলছিলেন ইকো-নেটওয়ার্কের সহ-সভাপতি হাসিবুল হক শান্ত।
২০১৮ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত তিন তরুণ :শামীম আহমেদ মৃধা, হাসিবুল হক শান্ত ও ইমিতা খান ঐশীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ইকো-নেটওয়ার্ক নামে এক স্বপ্নের সংগঠনের। যেখান থেকে স্বপ্ন দেখা হয় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সুজলা-সুফলা, দূষণমুক্ত এক চিরসবুজ বাংলাদেশের। বর্তমানে এর সক্রিয় সদস্য সংখ্যা পাঁচশ’রও অধিক, যারা ছড়িয়ে রয়েছে পুরো দেশের বিভিন্ন শ্রেষ্ঠ বিদ্যাপিঠগুলোতে। ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত সাসটেন্যাবল ডেভেলপমেন্ট গোলস ভিশন ২০৩০-এর ৫টি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে ইকো-নেটওয়ার্ক। বর্তমানের এই পরিবেশীয় ধ্বংস থেকে দেশ ও পৃথিবীকে রক্ষার লক্ষ্যে ইকো-নেটওয়ার্ক পা রেখেছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে। বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয় ও কিছু সংখ্যক স্কুল-কলেজের পাশাপাশি ইকো-নেটওয়ার্ক তার কার্যক্রম পরিচালনা করছে ভারত, নেপাল, ভুটান, ফিলিপাইন, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো ও আইভোরি কোস্টে। বর্তমানে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে ক্লাইমেট এডুকেশন প্রজেক্টের অধীনে দেশের বিভিন্ন স্কুল-কলেজে ক্যাম্পেইন ও ওয়ার্কশপের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির কার্যক্রম করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে পরিবেশ সচেতন সরকার, বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংগঠন এবং সচেতন নাগরিকদের নিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, প্রাকৃতিক সম্পদের সীমিত ও যথার্থ ব্যবহার, নিরাপদ পানির পর্যাপ্ততা, বন ও পর্যটনকেন্দ্র সংরক্ষণ, জীববৈচিত্র্যের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং পরিবেশদূষণে জিরো টলারেন্সের স্বপ্ন দেখে ইকো-নেটওয়ার্ক টিম। প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহমেদ মৃধা বলেন, ‘দেশ ও সমাজের উন্নতির জন্য যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অনস্বীকার্য এবং এই তরুণদের হাত ধরেই স্থাপিত হবে স্বপ্নের সোনার বাংলা। দেশ গড়ার এই আন্দোলনে ইকো-নেটওয়ার্ক অগ্রণী ভূমিকা পালন করতে চায়।’
শামীম আহমেদ মৃধা পড়ালেখা করছে সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরিবেশ বিজ্ঞান বিভাগে।