কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে সদর উপজেলার ভাদালিয়া ও ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলায় দুর্ঘটনায় নিহত হয়েছেন হাইওয়ে পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (৩২)। তিনি কুষ্টিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। হাফিজুর পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।
অন্যদিকে সাতবাড়িয়া এলাকায় নিহত নির্মাণশ্রমিক রবিউল ইসলাম (৩৫) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজুর। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা হাফিজুরকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একইভাবে সকাল ৮টার দিকে ভেড়ামারার সাতবাড়িয়া এলাকায় নির্মাণকাজে যাওয়ার পথে স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন নির্মাণশ্রমিক রবিউল ইসলাম।