চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল জামায়াত নেতার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে নগরে ফেরার পথে জি এম ইলিয়াস (৬০) নামে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জি এম ইলিয়াস ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত এম নেছারুল হক তালুকদারের ছেলে এবং সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি ছিলেন।

জানা যায়, এদিন দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। জি এম ইলিয়াসের ভাতিজা শহিদুল্লাহ তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরের বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় জি এম ইলিয়াস থাকতেন। তার মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে। পেশায় তিনি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ী।

শহিদুল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ির গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে নগরে ফিরছিলেন জি এম ইলিয়াস। নগরের আমানবাজার এলাকায় এলে একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ তার সামনে পড়ে যায়। এটি অতিক্রম করতে গিয়ে পাশ দিয়ে আসা ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জি এম ইলিয়াসের মৃত্যু হয়েছে।

জি এম ইলিয়াস জামায়াতে ইসলামীর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের সভাপতি ছিলেন বলে দলটির নগরের চকবাজার ওয়ার্ডের সভাপতি সাইফুদ্দিন খালেদ নিশ্চিত করেছেন। শনিবার ফটিকছড়ির গ্রামের বাড়িতে ইলিয়াসের মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।