রাজবাড়ীতে জুয়াখেলায় দ্বন্দ্বের জেরে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

গোয়ালন্দে জুয়া খেলাকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ব্যবসায়ী নজরুলকে। এ ঘটনায় জড়িত দুইজনকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম।

নিহত নজরুল বেপারী গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় একটি দোকান চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডল পাড়ার রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২) ও  একই এলাকার ইসমাইল মোল্লা ঝড়ু (২০)। গত শুক্রবার তাদের গ্রেপ্তারের পর তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২) জুন রাতে জুয়া খেলা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরদিন সকালে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ক্লুলেস এই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে হত্যা রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।