বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে (বিসিবি)। তারই অংশ হিসেবে শনিবার (২৮ জুন) রংপুরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে কলম্বো টেস্ট হারের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’
শান্ত যে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এ ব্যাপারে কিছুই জানতেন না বিসিবি সভাপতি বুলবুল। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বোর্ডের কিছু করার ছিল কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক। এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, যা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত।’
শান্ত আজই অধিনায়কত্ব ছাড়বেন সেই বিষয়ে কিছুই জানতেন না বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদীন ফাহিম। দুপুরে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা জানতাম না, ও (শান্ত) আজই সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেবে। এ রকম কোনো কথা হয়নি। তবে আপনারাও জানেন, এ নিয়ে একটা আলোচনা চলছিল; আমরা যদিও ভেবেছিলাম এ নিয়ে আরও কথা হবে। শ্রীলঙ্কায় এখনো ওয়ানডে, টি–টোয়েন্টি সিরিজ আছে। যা হওয়ার এই সফরের পর হবে। আজই সিদ্ধান্ত জানাবে, এটা আশা করিনি।’