বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়াল

চোখে-মুখে অদম্য স্বপ্ন, বুকে তাদের দেশপ্রেম

কেউ এসেছেন ইংল্যান্ড থেকে, কেউ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, কেউ বা ইতালি, স্পেনের মতো ফুটবল জনপ্রিয় দেশগুলো থেকে এসেছেন নিজ খরচে। তবে সবার লক্ষ্য-স্বপ্ন একই। লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করা। বাংলাদেশের ফুটবলকে বিশ্বদরবারে তুলে ধরা। তাদের সবার চোখে-মুখে রয়েছে অদম্য স্বপ্ন, বুকে দেশপ্রেম। সেই প্রেমের টানে হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশে। ট্রায়ালে প্রত্যেক খেলোয়াড়দের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

'বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার'-এর প্রথম দিনের ট্রায়াল সম্পূর্ণ। ট্রায়ালে ৫৩ জন ফুটবলার অংশ নেওয়ার কথা থাকলেও শুক্রবার রেজিস্ট্রেশন করা ৪৮ ফুটবলার। তারা গতকাল সকালে এবং বিকালে দুই ভাগে ট্রায়াল দেন। নির্ধারিত সময়ে দেশে আসতে না পারা খেলোয়াড়রা আজ প্রথমবারের মতো ট্রায়ালে অংশ নিবেন। গতকাল ট্রায়ালে ১৪ দেশ থেকে অংশ নেওয়া ৪৮ জন ফুটবলারকে ভাগ করা হয়েছে দুই দলে, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলে। সকালে ট্রায়াল দেন অনূর্ধ্ব-১৯ দলে থাকা ২৩ জন ফুটবলার এবং বিকাল ৪টায় ট্রায়াল দেন অনূর্ধ্ব-২৩ দলে থাকা ২৫ জন ফুটবলার।

প্রত্যেক ফুটবলারকে ৬০ মিনিট করে সময় দেওয়া হয়েছে। ট্রায়ালের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। ট্রায়ালে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা ও সহকারী কোচ হাসান আল মামুন। এছাড়াও ট্রায়াল দেখতে উপস্থিত ছিলেন, মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ, ঢাকা আবাহনীর কোচ মারুফুল হক, বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব রক্সি, সাবেক ফুটবল ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, কানন এবং নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। তবে খেলোয়াড়দের নির্বাচন করা হবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে। যদিও ট্রায়াল থেকে কতজন ফুটবলারকে নিজেদের রাডারে রাখবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি বাফুফে।

ট্রায়ালে প্রবাসী ফুটবলারদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল আবহাওয়া। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডা আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া পুরোপুরি ভিন্ন। ঢাকার ভ্যাপসা গরমে যে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, সেই ছাপ তাদের চোখে-মুখে স্পষ্ট ছিল। তিন দিনের এই ট্রায়াল শেষ হবে আগামীকাল। শেষ দিনে খেলোয়াড়দের ভাগ করে খেলানো হবে একটি পূর্ণাঙ্গ ম্যাচ। সেই ম্যাচে উপস্থিত থাকবেন ক্লাব প্রতিনিধিরা এবং খেলোয়াড়দের পরিবারের সদস্যরা।

তবে ট্রায়ালের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করবে বাফুফে, তা নিশ্চিত নয়। এর আগে শুক্রবার বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখেছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। সংবাদমাধ্যমে দেখা সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের টেকনিক্যাল বিভাগ খেলোয়াড়দের তথ্য ও ভিডিও সংরক্ষণ করবে। কোচদের যখন প্রয়োজন হবে, তখন তারা সেই ডেটার ভিত্তিতে খেলোয়াড়দের ডেকে নেবেন।'

ট্রায়ালে সবচেয়ে বেশি ফুটবলার অংশ নিয়েছেন ক্লাব ফুটবলের সবচেয়ে বড় বাজার ইংল্যান্ড থেকে। ইংলিশ তল্লাট থেকে এসেছেন সর্বোচ্চ ২০ ফুটবলার। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন ফুটবলার এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। সুইডেন থেকে পাঁচ জন এবং কানাডা থেকে দুই জন। এছাড়া ইতালি, বেলজিয়াম, ওয়েলস, ফিনল্যান্ড, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া- এই ১১টি দেশ থেকে এক জন করে ফুটবলার এসেছেন ট্রায়াল দিতে।