নিজেদের সেনাদের ওপর হামলা চালাল ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা, আটক ৬

অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ফিলিস্তিনিদের ওপর আক্রমণকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা শনিবার (২৮ জুন) ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে।

ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারক কেএএন জানিয়েছে, রামাল্লাহর কাছে সৈন্যদের ওপর আক্রমণ করার পর ৬ জন বসতি স্থাপনকারীকে আটক করা হয়েছে। এই গোষ্ঠীটি পূর্বে ফিলিস্তিনি জমি দখল করেছিল এবং এর আগেও হামলার সঙ্গে জড়িত ছিল।

ইসরায়েলি বাহিনী বলছে, বসতি স্থাপনকারীরা সৈন্যদের দিকে পাথর ছুঁড়েছে, যার ফলে একজন সামান্য আহত হয়েছে। জানা গেছে, বসতি স্থাপনকারীরা সৈন্যদের মারধর করেছে, সামরিক যানবাহনের টায়ার কেটে দিয়েছে এবং সৈন্যদের ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করেছে।

প্রতিবেদনে বলা হয়, তারা তাদের গাড়ি দিয়ে সামরিক যানবাহনে ধাক্কা দেয়, মোলোটভ ককটেল নিক্ষেপ করে এবং অন্য একটি এলাকায় একটি সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনাটি ইসরায়েলি রাজনৈতিক পরিমণ্ডলজুড়েও নিন্দার ঝড় তুলেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এবং বিরোধী নেতা ইয়ার ল্যাপিড সকলেই বসতি স্থাপনকারীদের আক্রমণের নিন্দা জানিয়েছেন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২৫ জুন একই বসতি স্থাপনকারীরা কাফর মালিক গ্রামে আক্রমণ শুরু করে। ঘটনাস্থলে প্রেরিত ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়, যার ফলে তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়। শুক্রবার গভীর রাতে গ্রামে আরও একটি হামলা চালায় প্রায় ৭০ জন মুখোশধারী ইহুদি বসতি স্থাপনকারী।