‘অপরাধ করতে ভয় পাওয়ার প্রবণতা না বাড়ানো গেলে অপরাধ হতে থাকবেই’

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সেই ঘটনার ভিডিও ক্লিপ শনিবার (২৮ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় গোটা দেশ তোলপাড়।

এ ঘটনার প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের জোর দাবি তুলেছেন দেশের তারকারাও। ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিক্টিমের নয়, অপরাধীর ছবি ছড়িয়ে দিন। কুমিল্লার মুরাদনগরের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই’ শীর্ষক একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘সারা দেশ যখন আছিয়ার জন্য পথে নেমে এসেছিল তখন ফজর আলী কি ঘুমিয়ে ছিল? কিছুই দেখে নাই? নাকি সে মিছিলের ভিড়েই ছিল মুখোশ পরে? সব অপরাধী ধরা পড়ে শুধু অপরাধটা হয়ে যাওয়ার পর। অপরাধ করতে ভয় পাওয়ার প্রবণতা না বাড়ানো গেলে অপরাধ হতে থাকবেই। মব কিংবা ধর্ষণের মতো অপরাধের পর অপরাধী ধরা পড়া আর ছোট্ট বেলার সেই ডাক্তার আসিবার পূর্বেই রোগীর মারা যাওয়ার ঘটনা সমতুল্য।’

তার সেই পোস্টে বেশিরভাগই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইছেন।

কেউ কেউ মন্তব্য করে বলছেন, প্রকাশ্যেই কার্যকর হোক এদের শাস্তি।