ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির হয়ে খেলেছিলেন বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটার। আসন্ন আসরকে সামনে রেখে দল গোছানো শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 

ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কর্ণধার মিজানুর রহমান। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি। 

মিজান বলেন, 'ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।'

গত আসরে খেলতে এসেও বরিশালের হয়ে মাঠে নামতে পারেননি জিমি নিশামের মতো ক্রিকেটার। বরিশালের মালিক আরও বলেন, 'জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।'