নেশার ঘোরে গিলেছিলেন চামচ, স্বপ্ন ভেবে কেটে যায় ৫ মাস

নেশার ঘোরে কী ঘটে তা অনেক সময় নিজেরই মনে থাকে না। এমনই এক অভাবনীয় ঘটনার শিকার হয়েছেন চীনের ২৯ বছর বয়সী ইয়ান নামের এক যুবক। থাইল্যান্ড ভ্রমণের সময় মদ্যপ অবস্থায় একটি ধাতব চামচ গিলে ফেলেন তিনি। কিন্তু এরপর পাঁচ মাস পর্যন্ত বিষয়টি স্বপ্ন ভেবে এড়িয়ে যান, শরীরে হালকা অস্বস্তি হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি।

জানুয়ারিতে থাইল্যান্ডে ঘুরতে গিয়ে ঘটেছিল এই ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় হোটেল কক্ষে বমি করার চেষ্টা করছিলেন ইয়ান। তখন গলায় একটি কফি চামচ ঢোকান, কিন্তু অসাবধানতাবশত সেটি পেটে নেমে যায়। পরদিন সকালে নেশা কাটলেও আগের রাতের কিছুই স্পষ্ট মনে করতে পারেননি তিনি। শরীরে বড় কোনো উপসর্গ দেখা না দেওয়ায়, চামচ গিলার ঘটনা সত্যি না স্বপ্ন—তা নিয়েও সন্দেহ ছিল তার।

চীনে ফিরে বেশ কয়েক মাস কেটে যায়। তবে সম্প্রতি ইয়ানের শরীরে অস্বস্তি বাড়তে শুরু করে। বাইরের খাবার খাওয়ার পর অস্বাভাবিক পেটব্যথা শুরু হলে সাংহাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সেখানকার চিকিৎসকেরা পরীক্ষার পর আবিষ্কার করেন, তার ক্ষুদ্রান্তে আটকে আছে প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা একটি ধাতব চামচ।

চিকিৎসকেরা জানান, চামচটি এমনভাবে আটকে ছিল যে সামান্য সরলেই তা অন্ত্রে ফুটো করতে পারত। এমন অবস্থায় এন্ডোস্কোপিক সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ জুন অপারেশন করে চামচটি বের করা হয়। অস্ত্রোপচারে দুটি চিমটা ব্যবহার করা হয়—একটি দিয়ে চামচটিকে পেট পর্যন্ত আনা হয় এবং অন্যটি দিয়ে সেটিকে টেনে বের করে আনা হয়।

চিকিৎসকেরা বলছেন, অপারেশনটি ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। সামান্য দেরি হলে তা প্রাণঘাতী হতে পারত। অস্ত্রোপচারের পর ইয়ান সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঘটনাটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। অনেকেই একে ‘অবিশ্বাস্য বাস্তবতা’ হিসেবে মন্তব্য করছেন। বিশেষজ্ঞদের মতে, নেশার কারণে অনিচ্ছাকৃত অনেক বিপজ্জনক কাজ করে বসে মানুষ, যা দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া