সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে ‘হেরা ফেরি ৩’-তে ফিরলেন পরেশ রাওয়াল

সম্ভবত বছরের সবচেয়ে আলোচিত বলিউডি বিতর্ক ছিল- ‘হেরা ফেরি থ্রি’ থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া আর তারপর তার নামে অক্ষয় কুমারের ২৫ কোটি টাকার আইনি নোটিশ! ‘হেরা ফেরি থ্রি’-তে পরেশ রাওয়ালের না থাকার খবরে পড়ে যায় হইচই। ‘বাবু ভাইয়া’ চরিত্রে এই অভিনেতাকে ছাড়া সিনেমা- এমন ভাবনা অনেক দর্শকের কাছে অসম্ভব হয়ে ওঠে। তবে সব উত্তাপের পরে অবশেষে শান্তির বাতাস বইল।

অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে বাবু ভাইয়া ফিরলেন ‘হেরা ফেরি থ্রি’-এর টিমে! এই খবরের সত্যতার সিলমোহর এসেছে সরাসরি পরেশ রাওয়ালের মুখ থেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের দায়িত্ববোধ থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল- সবাই বহুদিনের বন্ধু। একটু সমন্বয় প্রয়োজন ছিল, সেটাও হয়ে গেছে।’

পরেশ রাওয়ালের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী লেখেন, ‘আজকের সেরা খবর! হেরা ফেরি ৩ আসছে, আর বাবু ভাইয়াও ফিরছেন। অক্ষয়, সুনীল আর পরেশ রাওয়ালকে একসঙ্গে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।’ 

এদিকে সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহাও মন্তব্য করেন, ‘পরেশ রাওয়ালকে ছাড়া হেরা ফেরি ৩ কল্পনাই করা যায় না।’

এর আগে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন অভিনেতা। এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তিগুলোতে অক্ষয় কুমার ও সুনীল শেঠির সাথে বাবুরাও ওরফে বাবু ভাইয়া হিসেবে দেখা যায় পরেশকে। কিন্তু পরেশের সরে আসার ঘোষণায় মন ভাঙে দর্শকের।

মূলত, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিল পরেশ রাওয়ালকে। জানা যায়, ১১ লক্ষ টাকার সাইনিং অ্যামাউন্ট তিনি ফেরত দিয়েছিলেন ১৫% সুদ-সহ এবং অতিরিক্ত কিছু টাকা।