কলম্বো টেস্ট হারার মধ্য দিয়ে টেস্ট সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ওয়ানডে দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। লঙ্কান মাটিতে সীমিত ওভারের ম্যাচ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ দল। সফর শুরুর আগে সেই অভিযানের নেতৃত্বে পরিবর্তনও এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে একদিনের দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন তিনি।
মিরাজের নেতৃত্বে নতুন উদ্যমে ওয়ানডে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা। তাদের পেছনে ঘাম ঝরিয়েছেন দলের পেস বোলিং কোচ শন টেইট। বিশেষ করে নাহিদ রানার লাইন-লেন্থ নিয়ে আলাদা করে কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। টেস্টে খুব একটা ভালো করতে না পারলেও ওয়ানডেতে তাকে ঘুরে দাঁড়াতে দেখা যেতে পারে বলে আশাবাদী কোচিং স্টাফ।
প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাইছেন না দলের প্রধান কোচ ফিল সিমন্সও। তিনি খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস ফেরাতে নিয়মিত কথা বলছেন, অনুশীলনে আলাদা করে মনোযোগ দিচ্ছেন ম্যাচ সিনারি নিয়েও। সিমন্স মনে করেন, টেস্ট সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে নতুন ফরম্যাটে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ দিকে প্রায় দুই বছর পর কলম্বোতে ফিরেছেন ব্যাটার শামীম হোসেন। এই মাঠেই ভারতের বিপক্ষে নিজের সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ব্যর্থ হলেও এবার ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছেন শামীম। নেটে তার ব্যাটিং দেখেই তা বোঝা যাচ্ছে-শট নির্বাচনে বেশি মনোযোগ, কম ঝুঁকি নেওয়ার প্রবণতা ও স্ট্রাইক রোটেশনে মনোযোগ।
গতকালের অনুশীলনের সময় একটি অদ্ভুত পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল প্রেমাদাসা স্টেডিয়ামে। মূল মাঠে প্রবেশ করতে গিয়ে বাংলাদেশ দলের কয়েক জন সদস্য বাধার মুখে পড়েন। মাঠের দায়িত্বে থাকা কিছু কর্মী ভেবে বসেছিলেন, মিরাজরা উইকেট দেখতে এসেছেন, অনুশীলনের জন্য নয়। পরে অবশ্য ভুল বোঝাবুঝির অবসান হলে মাঠকর্মীরাই আবার টাইগারদের অনুশীলনে সহায়তা করেন। সব মিলিয়ে সাদা পোশাকে হতাশাজনক সফর শ্রীলঙ্কাতেই রাঙাতে চায় বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রিয় ছন্দে ফেরার চেষ্টায় এবার নতুন অধিনায়ক, নতুন মনোভাব এবং নতুন লক্ষ্য নিয়েই মাঠে নামার অপেক্ষায় মিরাজবাহিনী।