বরগুনায় ডেঙ্গুতে আরও ৭৭ জন আক্রান্ত, একজনের মৃত্যু

বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, পাথরঘাটায় ৫ জন, তালতলী ও আমতলীতে ৩ জন করে এবং বেতাগীতে ১ জন রয়েছেন।

মারা যাওয়া রোগীর নাম নেছার উদ্দিন (৬০)। তিনি বেতাগী উপজেলার বাসিন্দা ছিলেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৭০ জন, আমতলীতে ১২ জন, বেতাগীতে ১ জন, বামনায় ১৭ জন, পাথরঘাটায় ১০ জন এবং তালতলীতে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরগুনা সদর উপজেলায়—মোট ২ হাজার ৬৫৭ জন। এছাড়া পাথরঘাটায় ১১৮ জন, বামনায় ৬৮ জন, তালতলীতে ৩১ জন, আমতলীতে ৩০ জন এবং বেতাগীতে ২৮ জন আক্রান্ত হয়েছেন।

মোট মৃত্যুর মধ্যে বরগুনা সদর উপজেলার ২৩ জন, পাথরঘাটা উপজেলার ১ জন এবং বেতাগী উপজেলার ২ জন রয়েছেন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ বলেন, দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ঊর্ধ্বগতি অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সবাইকে সতর্ক হতে হবে। এলাকাভিত্তিক মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।