গাজায় গণহত্যার প্রতিবাদে এ মিজানের গান

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার বিরুদ্ধে সংগীতের মাধ্যমে প্রতিবাদ জানালেন গীতিকার ও সুরকার এ মিজান। শিশু, নারীসহ নিরস্ত্র মানুষের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানবিক প্রতিবাদ হিসেবে তিনি রচনা করেছেন একটি গান, যার শিরোনামে উঠে এসেছে গাজার মানুষের যন্ত্রণা ও মৃত্যুকূপে পরিণত হওয়া জীবনের বাস্তব চিত্র।

গানটির একটি চরণ—
‘পাখির মত উড়ছে শুধু গাজাবাসীর লাশ,
কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ।’

এই গানটির কথা ও সুর করেছেন এ মিজান নিজেই। কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম এবং সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ। গানটির রেকর্ডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এটি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ পাবে।

এ মিজান বলেন, “দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে চলেছে ইসরায়েলি বাহিনী। শিশু, নারী, বৃদ্ধ—কেউই রেহাই পাচ্ছে না। গাজার পরিস্থিতি এখন যেন মৃত্যু উপত্যকা। এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমি সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। জানি না, আর কতকাল চলবে এই অমানবিক নিপীড়ন। আল্লাহ ফিলিস্তিনিদের রক্ষা করুন—এই প্রার্থনা করি।”

গানটির গায়ক মো. মহিদুল ইসলাম বলেন, “গাজার যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের যন্ত্রণা বলে বোঝানো যাবে না। ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ জানানো আমার দায়িত্ব মনে হয়েছে। আশা করি গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।”

গানটি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাওয়ার পর, এটি মানবিক ও সামাজিকভাবে সচেতন শ্রোতাদের মাঝে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।