নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী এক স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেপ্রতাব এলাকায় থাকা কলেজপড়ুয়া ছেলের খোঁজ নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দম্পতি। পথিমধ্যে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা।
তীব্র গতির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।