সোনার থিমে তৈরি ‘প্রাসাদ’: বৈদ্যুতিক সকেট পর্যন্ত মোড়ানো ২৪ ক্যারেট সোনায়

ভারতের ইন্দোরে তৈরি একটি বিলাসবহুল প্রাসাদ চমকে দিয়েছে পুরো দেশকে। ঘর সাজানো হয়েছে এমনভাবে, যেন সোনা ছাড়া কিছুই নেই! কনটেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত সম্প্রতি এই ব্যতিক্রমী সোনার থিমে নির্মিত বাড়ি ঘুরে দেখেছেন এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। খবর এনডিটিভির।

ভিডিওতে দেখা যায়, প্রিয়ম বাড়ির মালিকের অনুমতি নিয়ে অভ্যন্তরের বিভিন্ন অংশ দর্শকদের দেখান। সে ঘরে রয়েছে সোনা মোড়ানো আসবাবপত্র, ঝাড়বাতি, এমনকি বৈদ্যুতিক সকেটও ঢাকা ২৪ ক্যারেট সোনায়। শুধু তাই নয়, বাড়ির সঙ্গে আছে একটি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি সংগ্রহশালাও, যেখানে রয়েছে ১৯৩৬ সালের একটি দুর্লভ মার্সিডিজ গাড়ি।

প্রাসাদের মালিক দম্পতি জানান, এ বাড়িতে রয়েছে ১০টি শয়নকক্ষ ও একটি গোশালা। আলাপচারিতায় উঠে আসে তাদের সংগ্রামী জীবনের গল্পও। বাড়ির মালিক বলেন, 'একসময় আমরা ছিলাম ২৫ সদস্যের একটি পরিবার, আমাদের কাছে ছিল মাত্র একটি পেট্রলপাম্প। জানতাম, এমন বাস্তবতায় বাঁচা কঠিন। তাই ঝুঁকি নিয়ে যুক্ত হলাম সরকারি ঠিকাদারির সঙ্গে। আজ আমরা সড়ক, সেতু, ভবন নির্মাণ করছি সরকারের হয়ে। এখন তৈরি করছি ৩০০ কক্ষের একটি হোটেল।'

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর শিরোনাম ছিল—‘ভারতের ইন্দোরে সোনায় মোড়া বাড়ি’। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই তা রীতিমতো আলোড়ন তোলে। কেউ মন্তব্য করেন, 'এটা যেন সিনেমার কোনো রাজপ্রাসাদ!' কেউ বলেন, 'সকেটও যদি সোনার হয়, তবে আর কী বাকি!' তবে এতটা জাঁকজমক দেখে অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

এই সোনালী প্রাসাদ যেমন বিলাসিতার এক নতুন মানদণ্ড স্থাপন করেছে, তেমনি আলোচনায় এনেছে সমাজে বৈষম্য ও নিরাপত্তা ইস্যু—এ দুটি বিষয়ও। তবুও এই বাড়ি আপাতত রয়ে গেছে আলোচনার কেন্দ্রে।